পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এসব শোভাযাত্রা বের হয়।
এর মধ্যে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাইজভান্ডারি অনুসারীরা সেখানে জড়ো হন। আয়োজকদের পক্ষ থেকে নারী ও পুরুষদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।
সকাল ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি। পরে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। হাতে বিভিন্ন ধরনের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা জুলুসে অংশ নেন। শোভাযাত্রা ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এদিকে, অঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেও রাজধানীর গুলিস্তান এলাকায় শোভাযাত্রা বের হয়। এছাড়া কাওরান বাজারসহ রাজধানীর আরো কয়েকটি এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও র্যালি হয়।
সরকারের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন।