শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস ইসলামের গাড়িতে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। গতকাল হবিগঞ্জ এবং আজ গোলাপগঞ্জে আমরা যা দেখছি, তাতে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা এখন গোলাপগঞ্জে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে দেখবো, এই সরকারের কত সন্ত্রাসী আছে এবং তারা আমাদের কতটা প্রতিরোধ করতে পারে। তবে গণভোটের গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, আজ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে। এর অর্থ সরকার সংস্কার চায় না। তারা কোনো রাজনৈতিক শক্তিকেই কর্মসূচি পালন করতে দিতে চায় না। পুরোনো কায়দায় হামলা চালানো হচ্ছে। একসময় খালেদা জিয়ার গাড়িতে যেভাবে হামলা করা হতো, একইভাবে এখন আমাদের গাড়িতেও হামলা করা হচ্ছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম।

সভায় শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। যারা গত ১৬ বছর ধরে গণতন্ত্রের কথা বলেছেন, তারাই গণতন্ত্র বন্ধ করতে ভূমিকা রেখেছেন। এর সূচনা হয়েছিল শাকসু নির্বাচন বন্ধ করার মাধ্যমে। আমরা দেখেছি, নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও তাদের সেই ভোটাধিকার অস্বীকার করা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ারসহ অন্যান্য নেতারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102