সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কোমরপানি ডিঙিয়ে এইচএসসি পরীক্ষা, কুমিল্লার সেই কেন্দ্র পরিবর্তন রামপালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোর বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তার খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি ছোট-বড় গর্তে ধীরগতি, দীর্ঘ যানজট; বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড ভারী বৃষ্টিতে বাগেরহাটে জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর কৃষিজমি সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি, উচ্ছ্বসিত শিক্ষক-অভিভাবক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তার খসে আহত ৫ বিচারপ্রার্থী, হাসপাতালে ভর্তি

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

আহতরা হলেন— সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রধান কৌঁসুলি এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, জেলা জজ আদালতের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন, সেই কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তার হঠাৎ খসে পড়ে। এ সময় বারান্দায় অবস্থানরত সাতজন বিচারপ্রার্থীর ওপর পলেস্তার পড়ে। তাদের মধ্যে পাঁচজন আহত হলে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি আরও জানান, জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে পলেস্তার খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আদালত ভবনের পলেস্তার খসে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে। তবে কারও আঘাত গুরুতর নয়। সবাই চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরোনো ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তার খসে পড়ার ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102