প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৯ জুন) একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দুপুর ২টায় দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানো হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি নেয়া হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। যা বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে।