বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক আদালতে মমতাজকে হাজির করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণে মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। তদন্ত এখনও চলমান থাকায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পাশাপাশি, মামলার বিভিন্ন বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড আবেদনও করা হতে পারে বলে আবেদনে জানানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হন। রাবার বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরে এ ঘটনায় তিনি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজকে আটক করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।