রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর থেকে রেফার করা রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে রোগীদের স্থানান্তর ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালের রোগীরা যেসব হাসপাতালে চিকিৎসা পাবেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে এবং রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। ফলে হাসপাতাল থেকে রোগীদের চলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে এনআইসিইউ, আইসিইউ ও সিসিইউতে থাকা প্রায় ৭০ জন সংকটাপন্ন রোগীর স্বজনরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাদের অনেকের দাবি, আদ্-দ্বীন হাসপাতালে যে কম খরচে জটিল চিকিৎসার সুবিধা পাওয়া যায়, তা অন্য অনেক জায়গায় পাওয়া কঠিন। রোগীর স্বজনদের অভিযোগ, মুমূর্ষু রোগীদের স্থানান্তর প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা পাওয়ার কথা থাকলেও শুক্রবার হাসপাতালে তাদের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ৫০ জন নবজাতক এনআইসিইউতে এবং ১৩ জন রোগী আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন।  এসব রোগীর জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভবন পুনর্নির্মাণের জন্য তিন মাস সময় চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করেই সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102