রাজধানীর শাহবাগে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, শাহবাগ মেট্রোরেল স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে গেলে তা বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্টেশনের মাইকিংয়ে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলন্ত ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিদ্যুৎ না থাকায় ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ হয়ে যায়। এতে বদ্ধ বগির ভেতরে দীর্ঘ সময় আটকে থেকে অনেক যাত্রী হাঁসফাঁস পরিস্থিতির মুখে পড়েন।
পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এ সময় শাহবাগ, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপ পড়ে সড়কের গণপরিবহনেও।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাইনে আকস্মিক কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কারিগরি দল দ্রুত সমস্যার সমাধান করলে দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ চালু করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
তবে ঘটনার বিষয়ে ডিএমটিসিএলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।