ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে বিদ্যমান যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতির পথে এগোনোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে।’
পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে’- এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে। তিনি বলেন, ‘কারো বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা সফল হতে পারে।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। পরিস্থিতি দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উচিত।’
গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প দাবি করে আসছেন যে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে একটি প্রাথমিক চুক্তি খুব কাছাকাছি রয়েছে। তবে এখনো সেই চুক্তি বাস্তবে রূপ নেয়নি।
এদিকে, সোমবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যেকোনো ধরনের আগ্রাসনের জোরালো জবাব দেওয়া হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র বলেন, ‘যদি আগ্রাসন ও শত্রুতামূলক আচরণ অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মহলের নজর এখন সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দিকে।