শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে আগামী সপ্তাহে পিয়ংইয়ং যাবেন তিনি। 

শুক্রবার (৫ জুন) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, কিম জং উনের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৮ থেকে ৯ জুন পর্যন্ত কোরিয়ার গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী (উত্তর কোরিয়া) রাষ্ট্রীয় সফর করবেন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা সরকারগুলোর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়া কার্যত বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। তবে প্রতিবেশী চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তিধর দেশটির গভীর সম্পর্ক রয়েছে।

কিম জং উনের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের গুরুত্বপূর্ণ উৎস বেইজিং। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টদের সফর খুবই বিরল।

সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন জিনপিং। ২০০৫ সালে সাবেক চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরের পর সেটাই ছিল কোনো চীনা নেতার প্রথম উত্তর কোরিয়া সফর।

বিপরীতে প্রায়ই বেইজিং সফর করেন কিম। সবশেষ গত বছরের সেপ্টেম্বরেই বেইজিংয়ে যান তিনি। এ সময় তার জন্য লাল গালিচা সংবর্ধনার আয়োজন করেন জিনপিং।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন কিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102