শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য সুখবর দিল আমেরিকা, পাবেন যেসব সুবিধা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় থাকা লাখো অভিবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি একটি বিতর্কিত অভিবাসন নির্দেশিকা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) স্পষ্ট করেছে, অধিকাংশ গ্রিন কার্ড আবেদনকারীকে আবেদন পর্যালোচনার সময় যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে না।

গত সপ্তাহে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর এক বক্তব্য অভিবাসী সম্প্রদায়, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অভিবাসন আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করে। ওই বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া চলাকালে নিজ দেশে ফিরে যেতে হতে পারে, যদি না তাদের ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতি প্রযোজ্য হয়।

এর পরপরই আশঙ্কা ছড়িয়ে পড়ে যে, দীর্ঘদিন ধরে চালু থাকা ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

বর্তমানে যোগ্য অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি পান। সাধারণত নিয়োগকর্তা বা নিকটাত্মীয়ের স্পনসরশিপের মাধ্যমে এ আবেদন করা হয়।

তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি। ডিএইচএসের এক মুখপাত্র জানান, অভিবাসন কর্মকর্তাদের আগে থেকেই প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়নের ক্ষমতা রয়েছে। তারা প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারেন কোনো আবেদনকারীকে বিদেশ থেকে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না। সেই ব্যবস্থাই এখনো বহাল রয়েছে।

বিতর্কের সূত্রপাত হয় জ্যাক কাহলারের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে গ্রিন কার্ডপ্রত্যাশীদের অনুমোদন প্রক্রিয়া চলাকালে নিজ দেশে ফিরে যেতে হতে পারে।

তার দাবি ছিল, এ ব্যবস্থা অভিবাসন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমাবে।

এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহল এবং বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ে। কারণ, ২০২৪ সালে প্রায় ১৪ লাখ গ্রিন কার্ড ইস্যু করা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশই যুক্তরাষ্ট্রে অবস্থানরত আবেদনকারীদের ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হয়েছে।

বিশেষ করে ছাত্র ভিসা ও পর্যটক ভিসাধারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করেছিলেন, তাদের গ্রিন কার্ডের আবেদন চলমান থাকলেও বাধ্যতামূলকভাবে দেশ ছাড়তে হতে পারে। একই ধরনের অনিশ্চয়তায় পড়েন এইচ-১বি ভিসাধারীরাও।

তবে সর্বশেষ ব্যাখ্যার পর স্পষ্ট হয়েছে যে, অধিকাংশ গ্রিন কার্ড আবেদনকারীর ক্ষেত্রে বিদ্যমান নিয়মেই আবেদন প্রক্রিয়া চলবে এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ বহাল থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102