শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

সব ধরনের ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আল্লাহর নির্দেশনা অনুসরণ করে ত্যাগের মানসিকতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে একটি সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য মহান আল্লাহর কাছে শক্তি ও তৌফিক কামনা করেন তিনি।

কোরবানির তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, মানুষের মন ও সমাজে থাকা হিংসা-বিদ্বেষ এবং কলুষতা দূর করার শিক্ষা দেয় কোরবানি। আত্মশুদ্ধি ও ত্যাগের মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পরিচালনা করেন মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102