শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ট্রাম্প বাচলেও রক্ষা নেই, নেতানিয়াহু ও মোদির!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী গড়নের কয়েকটি মহিষ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পর এবার আলোচনায় এসেছে আরও দুটি মহিষ—‘মোদি’ ও ‘নেতানিয়াহু’। জেলার বিভিন্ন খামারে থাকা এসব মহিষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ দেশজুড়ে আলোচনায় আসে। সাদা গায়ের রং, সোনালি লোম এবং মুখাবয়বের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে মহিষটির নাম রাখা হয় ‘ট্রাম্প’। মহিষটি দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন।

পরে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত কারণে বিষয়টি আরও আলোচনায় আসে। স্থানীয়দের মধ্যে এমন কথাও ছড়িয়ে পড়ে যে, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত রক্ষা পেয়েছে ‘ট্রাম্প’।

তবে ‘ট্রাম্প’কে ঘিরে আলোচনা থামার আগেই সামনে এসেছে ‘মোদি’ ও ‘নেতানিয়াহু’ নামের আরও দুটি মহিষ।

খামার-সংশ্লিষ্টরা জানান, লম্বা সাদা দাড়ি ও অদ্ভুত চেহারার কারণে একটি মহিষের নাম রাখা হয়েছে ‘মোদি’। বিরল অ্যালবিনো প্রজাতির এই মহিষটির গায়ে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা বড় সাদা দাড়ি সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। অনেকে মজা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিল খুঁজে এ নাম দিয়েছেন।

অন্যদিকে, বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা প্রায় ৭৬০ কেজি ওজনের আরেকটি মহিষ পরিচিতি পেয়েছে ‘নেতানিয়াহু’ নামে। খামার কর্মীদের দাবি, মহিষটি বেশ খ্যাপাটে স্বভাবের। খাবার দিতে গেলেও গুঁতো দিতে আসে। আচরণ ও চেহারার মিল থেকেই এর নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

এখন স্থানীয়দের মুখে মুখে একটাই আলোচনা—স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ট্রাম্প’ বেঁচে গেলেও শেষ পর্যন্ত ‘মোদি’ ও ‘নেতানিয়াহু’র ভাগ্যে কী আছে, সেটাই দেখার বিষয়। ঈদ যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতেও তত বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ব্যতিক্রমী নামের এসব পশু ঘিরে উৎসাহ-উদ্দীপনাও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102