বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহাসমারোহে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে রাজধানী প্যারিসে আগামী ২৪ মে রোববার সকাল ১০টা থেকে প্যারিসের জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর ঘিরে শান্তি শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা, বৌদ্ধ ভিক্ষুসংঘের পিণ্ডচারণ, ধর্মীয় সভা, বাংলাদেশ ও ফ্রান্সসহ সারাবিশ্বের শান্তি কামনায় পুণ্যদান, পূজনীয় ভান্তেদের (বৌদ্ধ ভিক্ষু) ছোয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা ও সম্মিলিত ধ্যান অনুশীলন।
বুদ্ধ জয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের অধ্যক্ষ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের বলেন, ‘প্রথমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধরা সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তিনি সব বৌদ্ধের প্রতি আহ্বান জানান। জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর পর্যন্ত শান্তি শোভাযাত্রার অনুমতি প্রদান করার জন্য ফ্রান্স সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বর্তমানে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী বৌদ্ধদের বসবাস ফ্রান্সে। ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ১০ হাজার বৌদ্ধের বসবাস। প্যারিস ও এর আশপাশে বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় নিজস্ব অর্থায়নে ৯টি স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণ করে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে।