চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের বিপুল উপস্থিতিতে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করলে মহাসড়কের দুই পাশে হাজারো মানুষের ঢল চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, খাল খনন কার্যক্রম ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশে যাত্রাকালে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আগে থেকেই অবস্থান নেন নেতাকর্মীরা। দাউদকান্দি এলাকায় পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানান। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষ মহাসড়কে জড়ো হন। একপর্যায়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ঘিরে ফেলে উৎসুক জনতা। পরে বাস থামিয়ে কায়কোবাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এরপর চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দলীয় সূত্র জানিয়েছে, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেবল দলীয় নেতাকর্মীই নয়, বিপুলসংখ্যক সাধারণ মানুষও মহাসড়কে ভিড় করেন। তার ভাষ্য, কুমিল্লাজুড়ে লাখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।