রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

করের আওতায় আসছে না যেসব মোটরসাইকেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিসিভেদে মোটরসাইকেলে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে।

সিসিভেদে মোটরসাইকেলে কর

সূত্র জানায়, নতুন কাঠানো অনুযায়ী মোটরসাইকেলের ওপর এ কর কার্যকর হবে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো কর থাকছে না।

নতুন কাঠামো অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা আগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে। এ ছাড়া ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ নিয়ে আলোচনায় হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। তবে সংস্থাটির কাছে সিসিভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।

নিবন্ধিত মোটরসাইকেলের মধ্যে ১১০ সিসি বা এর নিচের মোটরসাইকেলের সংখ্যা ১০ লাখ ধরে হিসাব করলে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে চার হাজার টাকা করে কর আদায় করা গেলে সরকারের কোষাগারে বছরে যোগ হতে পারে প্রায় এক হাজার ৫২০ কোটি টাকা। বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদাভাবে অগ্রিম আয়কর দিতে হয় না।

তারা এককালীন নিবন্ধন ফি এবং নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করেন। বিদ্যমান নিয়মে ৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা এবং ২ বছর পরপর চার কিস্তিতে মোট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। অন্যদিকে ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা এবং চার কিস্তিতে মোট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।

আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা তাদের আয়কর রিটার্নের সঙ্গে অগ্রিম কর সমন্বয় করতে পারবেন। তবে, এনবিআরের এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102