দলীয় শৃঙ্খলা জোরদার ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, সভা থেকে শৃঙ্খলা ফেরানো, সাংগঠনিক কাঠামো আরও কার্যকর করা এবং বিভিন্ন অপরাধে জড়িত নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেওয়া হতে পারে। পাশাপাশি সরকারের নেওয়া জনকল্যাণমূলক পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
বৈঠকে বিএনপির জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়ে উপস্থাপনা করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দুপুর ১২টায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় নেতাদের মতে, বৈঠকের আনুষ্ঠানিক কোনো নির্ধারিত এজেন্ডা না থাকলেও সাংগঠনিক শৃঙ্খলা, স্থানীয় সরকার নির্বাচন এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ সময় পর তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে যাচ্ছেন তারেক রহমান। ফলে ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন তারা।
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক সূত্র জানায়, বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এ কারণে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটভিত্তিক প্রক্রিয়া চালুর দাবিও তৃণমূল নেতারা তুলতে পারেন।
এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক বিষয় এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন।
তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে যেসব কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী উপস্থাপনা করবেন।