র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর জন্য ১৬৩টি যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, কিনতে যাওয়া ১৬৩টি যানবাহনের মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল (প্যাট্রোল) পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন র্যাব ফোর্সেসের ‘আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এই যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হয় এবং মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।
প্রকল্পটির প্রস্তাবটি এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল অর্থ বিভাগের এক পরিপত্রে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখা হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং র্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে এই প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
র্যাবের সক্ষমতা বৃদ্ধির এই প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেকে অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পটির জন্য বরাদ্দ রয়েছে ১৬০ কোটি টাকা।