রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টায় ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করার কৃতিত্ব অর্জন করেন বাবর।

এই সাফল্যের মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে পঞ্চম শৃঙ্গ স্পর্শ করলেন তিনি যা এখন পর্যন্ত কোনো বাংলাদেশির নেই।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাকালু চূড়ায় বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ফরহান জামান নিশ্চিত করেছেন, নেপালি আউটফিটার প্রতিষ্ঠানের মাধ্যমে শীর্ষে পৌঁছানোর খবর পাওয়া গেছে। শিখর স্পর্শের পর তিনি ধাপে ধাপে নিচে নামবেন বলে আশা করা হচ্ছে।

‘মাকালু’ শব্দের অর্থ ‘মহা পিরামিড’। চূড়াটির আকৃতি পিরামিডের মতো এবং তীব্র বাতাস ও তুষারধসের ঝুঁকির কারণে এটি বিশ্বের অন্যতম কঠিন পর্বত হিসেবে পরিচিত। ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত এই শৃঙ্গ তার প্রতিকূল আবহাওয়ার জন্য পর্বতারোহীদের কাছে বিশেষ চ্যালেঞ্জিং।

‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামে এই অভিযানে ৭ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা হন বাবর আলী। বিভিন্ন ধাপে অভিযোজন শেষে ৩০ এপ্রিল তিনি চূড়ার উদ্দেশে চূড়ান্ত আরোহন শুরু করেন এবং টানা বিপদসংকুল পথ অতিক্রম করে ভোরে শিখরে পৌঁছান।

চট্টগ্রামের এই পর্বতারোহী পেশায় একজন চিকিৎসক। তিনি ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন তিনি।

এর আগে বাবর আলী মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলুসহ একাধিক আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। বিশেষ করে, কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু আরোহণ করে অনন্য নজির স্থাপন করেন।

মাকালু জয় বাবরের ‘১৪টি আট হাজার মিটার শৃঙ্গ’ স্পর্শের স্বপ্নপথে পঞ্চম সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই অর্জনে দেশজুড়ে প্রশংসা ও গর্বের আবহ তৈরি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102