চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার (৩ মে)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।
জানানো হয়, ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে এবারের সম্মেলন, যা আগের তুলনায় এক দিন বেশি। এ সময় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ই-গভর্ন্যান্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনের অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে মোট ৩৪টি অধিবেশন হবে। এর মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং বাকি চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ আনুষ্ঠানিক কর্মসূচি।
অতিরিক্ত সচিব আরও জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে বাছাই করে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নাগরিক দুর্ভোগ কমানো, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন খাতের বিকাশ, আইন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকেই সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।
সূচি অনুযায়ী, ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
মো. হুমায়ুন কবির বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা প্রশাসকদের যেসব আইনগত, প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এই সম্মেলন সেগুলো নিয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ৬ মে।