সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে গণপরিবহনে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমনের জন্য ইমার্জেন্সি ডোর স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, দুর্ঘটনার পর যাত্রীরা দ্রুত বাস থেকে বের হতে না পারায় অনেক ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যায়। এই ঝুঁকি কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক-মহাসড়ক, ফেরিঘাট বা রেলক্রসিংয়ে দুর্ঘটনার সময় বাসের দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে যাত্রীরা প্রায়ই বাধার সম্মুখীন হন। ফলে সময়মতো উদ্ধার সম্ভব হয় না এবং প্রাণহানি ঘটে।
এই প্রেক্ষাপটে এসি বাসগুলোতে স্পষ্টভাবে চিহ্নিত ইমার্জেন্সি ডোর রাখতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও সংরক্ষণ করতে হবে, যাতে জরুরি মুহূর্তে যাত্রীরা দ্রুত বের হতে পারেন।
অন্যদিকে, নন-এসি বাসের জানালায় ব্যবহৃত সমান্তরাল স্টিলের রডকে বড় ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই এসব রড অপসারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বিআরটিএ বলছে, এসব ব্যবস্থা বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ বাড়বে এবং প্রাণ রক্ষার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
একই সঙ্গে পরিবহন মালিক ও চালকদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।