বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

জলাবদ্ধ কক্ষে এসএসসি পরীক্ষা, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লার ঈশ্বর পাঠশালা (উচ্চবিদ্যালয়) কেন্দ্রে গত মঙ্গলবার এসএসসি পরীক্ষায় জলাবদ্ধ কক্ষেই অংশ নিতে বাধ্য হয় শিক্ষার্থীরা। সেখানে কেউ বেঞ্চে পা তুলে, আবার কেউ পানির মধ্যেই বসে পরীক্ষা দেয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা আজ বুধবার (২৯ এপ্রিল) ঈশ্বর পাঠশালা (উচ্চবিদ্যালয়) পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতা সৃষ্টির বিষয়ে জানতে চান। পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসরে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা বলেন, ঈশ্বর পাঠশালায় জলাবদ্ধতা নিয়ে সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি আমাকে কল করে দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আমি বিদ্যালয়টি পরিদর্শনে এসেছি। ইতোমধ্যে আমরা নগরের জলাবদ্ধতার সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। আজ সকাল থেকে নগরে টানা বৃষ্টি হলেও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। পানি এখন দ্রুত নেমে যাচ্ছে।

ইউসুফ মোল্লা আরও বলেন, নগরের অধিকাংশ পানি গুইংগাঝুরি খাল হয়ে ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ে। নগরের বাইরের অংশে সেই খালে ময়লা ফেলে অনেকটা বাঁধের মতো অবস্থা সৃষ্টি করা হয়েছিল। আমরা সারা রাত কাজ করে সেটি অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করেছি। এই বিদ্যালয়ে এসেও সেটির ফলাফল দেখেছি; আজকে দেখেন এখানেও জলাবদ্ধতা নেই।

ঈশ্বর পাঠশালার (উচ্চবিদ্যালয়) প্রধান শিক্ষক শুধাংশু কুমার মজুমদার বলেন, মঙ্গলবার সকালে ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। পরীক্ষা শুরুর সময় কোনো সমস্যা ছিল না। দুপুর ১২টার দিকে পরীক্ষার কক্ষ পানিতে তলিয়ে যায়। তখন ইচ্ছা থাকা পরও পরীক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সুযোগ ছিল না। শত বছরের পুরোনো বিদ্যালয়ে ভবনের সংকটের কারণে পুরোনো ভবনটিতে পরীক্ষা নেওয়া হয়। এখানে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের।

ঈশ্বর পাঠশালাটি (উচ্চবিদ্যালয়) প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে। দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই কেন্দ্রে ৬০৮ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে পুরোনো একতলা টিনশেড ভবনের ৪টি কক্ষে পরীক্ষা দিচ্ছে ২১৬ জন। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বৃষ্টির কারণে ভবনটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ঘটনার পর ওই ৪টি কক্ষের শিক্ষার্থীদের বিদ্যালয়ের আরেকটি ভবনে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশের ৬ তলা ভবনটিতে প্রধান শিক্ষকের কক্ষসহ ৬টি কক্ষে আগামী বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102