রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ঢাকার মোটরসাইকেল চালকদের বড় সুখবর দিল মন্ত্রণালয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। সংশ্লিষ্টদের মতে, এর ফলে পাম্পে জ্বালানি নিতে গিয়ে বাইকারদের ভোগান্তি কমবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, আজ থেকে ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

ফুয়েল পাস কার্যক্রমের আওতায় যেসব পাম্পে জ্বালানি পাওয়া যাবে, সেগুলোর মধ্যে রয়েছে— শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর-১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০ এর রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প।

এর আগে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে গত রোববার (১৩ এপ্রিল) থেকে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পাম্পগুলো হলো– তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102