হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না জানিয়ে ধর্মমন্ত্রী বলেছেন, ‘আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।’ হজযাত্রীদের জন্য একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি সংবাদমাধ্যমকে জানান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা সরকারের অতিথি এবং সংশ্লিষ্টরা তাদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তাদের সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদে থাকার যৌক্তিকতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনসহ সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং ক্যাম্পের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের থাকা-খাওয়া, যাতায়াত ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র সফরে যেতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শনকালে হজ ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব নিয়ে হজযাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, ‘যা করার দরকার তা-ই করব।’
সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। হজযাত্রীদের জন্য একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি সংবাদমাধ্যমকে জানান।