পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টালিউডের বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার (২৯ মার্চ) বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজ শেষ করে সমুদ্রে নামার সময়ই ঘটে এই বিপর্যয়।
প্রত্যক্ষদর্শী ও সেট সূত্রে জানা গেছে, সকাল থেকেই শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন রাহুল। দিনের কাজ শেষ করে (প্যাকআপ) বিকেলে তিনি সমুদ্রের লোনা জলে পা ভেজাতে নামেন। পাড়েই দাঁড়িয়ে ছিলেন তার সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। স্থানীয়দের দাবি, সমুদ্রে নামার কিছুক্ষণ পরেই বালিতে পা আটকে যায় রাহুলের। ঠিক সেই মুহূর্তেই একটি বড় ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে তলিয়ে যেতে থাকেন তিনি।
সেটে উপস্থিত অভিনেতা দিগন্ত বাগচী জানান, “সম্ভবত রাহুল সাঁতার জানতেন না। টেকনিশিয়ানদের চিৎকারে আমরা বুঝতে পারি ও ডুবে যাচ্ছে। দেরী না করে দ্রুত তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ও ওর শরীরে প্রাণ ছিল।”উদ্ধারের পর দ্রুত রাহুলকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বর্ণনা অনুযায়ী, সৈকত থেকে গাড়িতে তুলে হাসপাতালে নেওয়ার পথেও টেকনিশিয়ানরা রাহুলের জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া সচল রাখতে মালিশও দেওয়া হয়। তবে চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর পথেই ম্যাচিভ ‘হার্ট অ্যাটাক’ হয় তার। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড ইন্ড্রাস্ট্রিতে। আজ সোমবার (৩০ মার্চ) কাঁথি মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপরই তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।