বাংলাদেশসহ ৫টি দেশ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আশ্বাস দিয়েছেন। তবে বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সাক্ষাৎকারে এ কথা জানান ওই কর্মকর্তা।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়াসহ কয়েকটি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জন্য হরমুজ প্রণালি খোলা রাখছে ইরান।
এমন প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরান এমন কোনো নির্দেশনা জারি করেনি, যা হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা শত্রু দেশ নই। তাই আমাদের জাহাজ চলাচল বন্ধ করার প্রশ্নই আসে না।’
তিনি বলেন, আগামী দুই মাসে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশ ভাড়া করেনি। তাই আগামী দুই মাস প্রণালি দিয়ে বাংলাদেশের ভাড়া করা বা পণ্যবাহী কোনো জাহাজ যাতায়াত করবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে আকস্মিকভাবে হামলা চালালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়। এই হামলার পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র : ডেইলি স্টার