পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরেছেন কর্মজীবী মানুষ। তবে বৃস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি হওয়ায় ফের টানা তিন দিন ছুটি পেয়ে আবারও রাজধানী ছেড়ে বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দেশের প্রধান রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনে একদিকে যেমন ঢাকামুখী যাত্রীদের আগমন দেখা গেছে, অন্যদিকে অনেকেই আবার ফিরতি পথে বাড়ির উদ্দেশে ট্রেনে উঠছেন।
এদিকে ট্রেনের টিকিট কাউন্টারেও ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। তাদের একজন লিটন আনোয়ার লিটু বলেন, ময়মনসিংহ যাব। ট্রেনের সিটসহ টিকিট খুঁজছিলাম কাউন্টারে, কিন্তু পেলাম না। একটি স্ট্যান্ডিং টিকিট কিনতে পেরেছি।
ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত, মোট সাত দিন। ঈদের পর কর্মদিবস শুরুর আগে ২৩ মার্চ রাত ও ২৪ মার্চ সকালে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। তবে কর্মদিবসের মাঝেই আবার নতুন করে ছুটির সুযোগ তৈরি হওয়ায় অনেকেই পুরো পরিবার না এনে একাই ঢাকায় ফিরেছিলেন।
স্টেশন ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যারা অফিসে যোগ দিতে ২ দিন আগে ফিরেছেন তাদের বেশিরভাগই একা এসেছেন। পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতেই রেখে এসেছেন। কারণ, আগামীকাল রয়েছে স্বাধীনতা দিবস, এর পরেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে আবারও তিন দিনের ছুটি পাওয়ায় অনেকেই পরিবার নিয়ে পরে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।