বিতর্কের মাঝেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে জোরালো গুঞ্জন উঠেছে, দীর্ঘদিনের প্রেমিকা পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকিকে বিয়ে করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রথা মেনে অগ্নিসাক্ষী রেখে মালাবদল করছে এই জুটি। যদিও এখনো নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি বাদশা, তবে ঈশার মা পুনম রিকির শেয়ার করা ছবিগুলো আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ঈশার সঙ্গে বাদশার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সেই সম্পর্কই এবার বিয়েতে গড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া বাদশার নতুন গান ‘টটীরী’ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। গানে নারীদের অবমাননার অভিযোগ তুলে ভারতের হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই আইনি জটিলতার মধ্যেই অনেকটা নীরবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে খবর।
৩২ বছর বয়সি ঈশা রিকি পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখ্য, বাদশার প্রথম স্ত্রী ছিলেন বিদেশি নাগরিক। সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, যে বর্তমানে মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছে। ২০২১ সাল থেকে ঈশার সঙ্গে বাদশার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।