শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সায়েরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর উত্তপ্ত বাক্যবিনিময়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাংলাদেশের বাণিজ্য চুক্তির কিছু অংশ প্রকাশ করাতে সাংবাদিক সায়েরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সাংবাদিক সায়েরও নিজের পেশাগত অবস্থান তুলে ধরে খলিলের বক্তব্যের প্রতিবাদ করেন। এমন আলাপচারিতা একসময় উত্তপ্ত বাক্য বিনিময়ে রূপ নেয়।

সম্প্রতি খলিলের যুক্তরাজ্য সফরকালে আয়োজিত এক ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। উভয়ের উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গত সপ্তাহে কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও তার সফরসঙ্গী ছিলেন। এই সফরকালে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন জুলকারনাইন সায়ের এবং খলিলুর রহমান।

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এই অনুষ্ঠানে একই টেবিলে বসেছিলেন সায়ের ও খলিল। বসা অবস্থায় দুই জনের আলাপচারিতার এক পর্যায়ে দুজনকে উত্তেজিত অবস্থায় একে অপরের উদ্দেশে কথা বলতে দেখা যায়।

জাওয়াদ নির্ঝর ভিডিও’র পোস্টে দাবি করেন যে, সায়েরকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিল বলেন, ‘আপনার চুক্তি ফাঁসের কারণে আমি ৩ দিন ঘুমাতে পারি নাই। আপনার নামে ক্রিমিনাল কেস হওয়া উচিত।’ তখন পালটা জবাবে সায়ের বলেন, ‘জনস্বার্থে ফাঁস করা বিষয়ে মামলা করে আপনি কিছু করতে পারবেন না। পারলে কিছু করেন গা।’

এ বিষয়ে সাংবাদিক সায়ের রূপালী বাংলাদেশকে বলেন, ‘আপনারা অনেকেই অবগত আছেন যে গতবছর বিতর্কিত এই চুক্তিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমি প্রকাশ করি, সম্পূর্ণ জনস্বার্থে। আর এ ধরনের গোপন তথ্য ফাঁস আমি হরহামেশাই করি। খলিলুর সাহেব আমাকে বলার চেষ্টা করছিলেন যে এই চুক্তি ফাঁসের কারণে তাকে অনেক সাফার করতে হয়েছে এবং আমার এই কাজটি মোটেও ঠিক হয়নি। তিনি এটাও উল্লেখ করেন যে এটা নাকি একটা ক্রিমিনাল অফেন্সের মতো অপরাধ হয়েছে। আমিও তাকে আমার পেশাগত অবস্থান ব্যাখা করি এবং স্পষ্ট করেই জানাই পেশাগত অবস্থান থেকে আমি পেশাদারিত্বের বিষয়ে আপসহীন। এ ধরনের কাজ আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও করেছি, অন্তর্বর্তী সরকারের সময়ে করেছি, বর্তমান সরকারের সময়ও করব, আর যতদিন এই পেশার সাথে জড়িত থাকব ততদিন করে যাব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102