খালখনন কর্মসূচি উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নানা-নানির কবর জিয়ারত করবেন তিনি।
সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনর্খনন শুরু হবে।
জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।
সেই সঙ্গে তারেক রহমান নানা-নানির কবর জিয়ারত করবেন খবর প্রকাশ হওয়ার পর থেকে শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বলে জানিয়েছেন কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।