আগামী ১১ মার্চ (বুধবার) সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।
সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়।
৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।