ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (১ মার্চ) দুপুরের দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
নুরুল হক নুর বলেন, ‘গতকালই প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করা হচ্ছে।
প্রথমত, এসব দেশে অবস্থানরত আমাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিতে সহযোগিতা করা ও তাদের সচেতন-সতর্ক করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত আমাদের দেশের নাগরিকদের বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতে একটি ড্রোন হামলায় আমাদের দেশের চারজন নাগরিক আহত হয়েছেন।
এ ছাড়া দুবাইয়ে কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারির বাসার সামনে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে তিনি অক্ষত আছেন। আহত চার শ্রমিকও গুরুতর নন বলে জানান নুর।
ফ্লাইট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাতে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মন্ত্রণালয় সিভিল অ্যাভিয়েশনের সহযোগিতায় প্রায় সাড়ে ৮০০ যাত্রীর রাতযাপনের ব্যবস্থা করেছে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হতে পারে।
তবে আমরা নাগরিকদের বলব, অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব এলাকায় সামরিক স্থাপনা রয়েছে সেসব এলাকা এড়িয়ে চলতে হবে। পরিচিতজনদের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবস্থান করা ভালো।
সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র- যেমন আইডি কার্ড, হেলথ কার্ড সঙ্গে রাখতে হবে। কিছু খাবার ও প্রয়োজনীয় অর্থও সঙ্গে রাখা উচিত। গুরুতর কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলো হটলাইন নম্বর চালু করেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। ফলে দেশে ও বিদেশে অবস্থানরত নাগরিকরা সহজেই সর্বশেষ তথ্য জানতে পারছেন।
সরকারের অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রবাসী নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।