জুমার নামাজ আদায়ের পর এক হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত মুসল্লিরা। মসজিদ প্রাঙ্গণে বেরিয়ে আসতেই এক শিশু হেসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে বসে, আঙ্কেল, আপনি কি রোজা রাখেন?
প্রশ্ন শুনে থমকে না গিয়ে শিশুটির সঙ্গে হাত মিলিয়ে তিনি হাসিমুখে জবাব দেন, আমি তো রোজা রাখি। এরপর আশপাশে দাঁড়িয়ে থাকা অন্য শিশুদের দিকেও এগিয়ে যান তিনি। কারও সঙ্গে করমর্দন, কারও মাথায় স্নেহভরা হাত রেখে জানতে চান, তোমরা রোজা রাখছ তো? শিশুরা একসঙ্গে উচ্ছ্বাসভরে উত্তর দেয়, জি, রাখছি।
শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন সফর শেষে দেশে ফেরার পর থেকে তিনি নিয়মিত এখানেই জুমার নামাজ পড়ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদে নারীদের জন্য নির্ধারিত স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। এসময় শিশুরাও ভীষণ উচ্ছ্বসিত হয়ে তার সঙ্গে কথা বলে।
এক শিশু সালাম দিয়ে জানায়, আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি। জবাবে প্রধানমন্ত্রী স্নেহভরে তার মাথায় হাত রেখে বলেন, তাই নাকি! পাশ থেকে আরেক শিশু গর্বভরে বলে, আঙ্কেল, আমি কিন্তু সব রোজা রেখেছি। তার কথায় সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী বলেন, ভেরি গুড, এবং তার মাথায় হাত বুলিয়ে দেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। কিছুক্ষণ পর জুবাইদা রহমান মসজিদ থেকে বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে আল্লাহ হাফেজ বলে বিদায় নেন। পরে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের গাড়ির দিকে রওনা হন।