‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সদস্যদের স্মরণে এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহিদ সেনাসদস্যদের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহিদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহিদ পরিবারের সদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।