শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
হাদি হত্যার ঘটনার ৫৪ দিন পার হলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনটির নেতাকর্মী ও স্বজনরা। এই দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। একপর্যায়ে সেখান থেকে যমুনা অভিমুখে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিকেল ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হলে পুলিশের সঙ্গে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আন্দোলনে হামলা চালিয়ে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে চলমান আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা ও কর্মসূচি বিস্তারিতভাবে জানানো হবে বলে জানানো হয়েছে।