দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড অ্যাকুস্টিক কোলাবো–এর প্রধান গায়িকা মো সু-জিন মারা গেছেন। গত ২৪ জানুয়ারি মাত্র ২৭ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু হয়। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
শিল্পীর এজেন্সির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছা অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে পরিবারের অনুরোধে মো সু-জিনের মৃত্যুর কারণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এজেন্সি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
২০২০ সালে অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডে যোগ দেন মো সু-জিন। ব্যান্ডের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামে তার কণ্ঠ শ্রোতাদের মধ্যে আলাদা পরিচিতি পায়। ব্যান্ডের কাজের পাশাপাশি একক শিল্পী হিসেবেও তিনি সক্রিয় ছিলেন। ২০২৫ সালের জুনে প্রকাশিত তার একক গান ‘ইয়োর ইউনিভার্স’ শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
মো সু-জিনের মৃত্যুতে কোরীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু কিম সেউং-জে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন,
“২০১৯ সাল থেকে সে ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। সে আমাকে সুখের অর্থ শিখিয়েছে এবং বেঁচে থাকার শক্তি দিয়েছে।”
অল্প বয়সে প্রতিশ্রুতিশীল এই শিল্পীর চলে যাওয়া ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।