কুমিল্লায় একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান আবারও বিচারিক দায়িত্বে ফিরেছেন। প্রধান বিচারপতি তাকে বিচারিক ক্ষমতা পুনর্বহাল করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন বিচারপতি আব্দুল মান্নান।
হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকাতেও তার নাম বিচারিক এখতিয়ারসহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর তাকে বিচারিক কাজ থেকে বিরত রাখেন প্রধান বিচারপতি। ওই সময় বিচারকাজ পরিচালনার জন্য গঠিত ৬৩টি বেঞ্চের কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি।
গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি আব্দুল মান্নান নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দিয়ে হুমকি দেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর মো. আব্দুল মান্নানকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।