জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে থাকবেন। এ সময়ে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের নির্ধারিত দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় নিউইয়র্কসহ বিভিন্ন দেশে অবস্থান করতে হবে তাকে।
পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই হুমায়ুন কবিরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট মন্ত্রিসভায় রদবদলের পর হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।