বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া শিক্ষা, অভিবাসন ও মানব চলাচল, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকারমূলক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক ‘পেনহোল্ডার’ হিসেবে যুক্তরাজ্য তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে এবং রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে কাজ করবে।
সাক্ষাতে দুই দেশ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।