বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

বঙ্গবন্ধুকে স্মরণ করলেন তারকারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্টকে ঘিরে এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কেউ দিয়েছেন সংক্ষিপ্ত শ্রদ্ধার বার্তা, কেউ আবার ইতিহাস, রাজনৈতিক মতপার্থক্য ও সহিংসতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেছেন। তারকাদের এসব পোস্টে যেমন শোক ও স্মরণের কথা এসেছে, তেমনি ইতিহাসকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরিবারের বেশির ভাগ সদস্যও সেদিনের হত্যাকাণ্ডের শিকার হন। আওয়ামী লীগ সরকারের সময়ে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। শোক র‌্যালি, দোয়া, মিলাদ, কাঙালিভোজ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হতো। সরকারি পর্যায়েও থাকত নানা আয়োজন।

তবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিনটি আগের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে না। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্ট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজের কয়েকজন পরিচিত মুখ।
অভিনেত্রী জয়া আহসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রদ্ধা ও শোকে স্মরণ।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধন অবশ্য দীর্ঘ এক বক্তব্যে ইতিহাস ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়টি সামনে এনেছেন। তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ইতিহাস কীভাবে বিকৃত, পরিবর্তিত কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে, তা তিনি আরো গভীরভাবে উপলব্ধি করেছেন। তাই কোনো একক বয়ানের ভিত্তিতে ইতিহাস নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চান না তিনি।

 

তবে, শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে নিহত পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের নির্মমতা ও অন্যায় অস্বীকার করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন বাঁধন। তার ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা কখনোই মানুষের জীবনের মূল্যকে খাটো করতে পারে না এবং কোনো সহিংসতাকেও ন্যায্যতা দিতে পারে না।

বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রারম্ভিক রাজনৈতিক ভূমিকা ও অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করার কথাও জানান তিনি। একইসঙ্গে, ইতিহাসকে সত্য, প্রেক্ষাপট ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখার সুযোগ থাকা প্রয়োজন বলে মত দেন এই অভিনেত্রী।

অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, “আমার পছন্দ সাধারণ সত্য, যা দিয়ে কোনোদিন কারো মুখোশ হয় না। যে নামের পরিনামে এই দেশ এই বাংলা…তুমি বাংলার ধ্রুবতারা।”

অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “প্রতি বছরই বিপদে ফেলে দেন। আবারও ফেলবেন জানি। আপনার আত্মার শান্তি কামনা করছি।”

জুলাই অভ্যুত্থানে সরব থাকা অভিনেত্রী নাজিয়া হক অর্ষাও বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বাংলাদেশ…”

 

এছাড়া, অভিনেতা চঞ্চল চৌধুরী, মিলন ভট্টাচার্য, নাজিফা তুষি, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তুষ্টি, তানভীন সুইটি, দোয়েল, কণ্ঠশিল্পী কোনাল, পান্থ কানাই, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, দীপঙ্কর দীপন, মেজবাউর রহমান সুমনসহ শোবিজ অঙ্গনের আরো কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্ট উপলক্ষে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

শোবিজ তারকাদের এসব পোস্টে প্রকাশ পেয়েছে ১৫ আগস্টকে ঘিরে তাদের ব্যক্তিগত অনুভূতি ও অবস্থান। কেউ সংক্ষিপ্ত শ্রদ্ধায় স্মরণ করেছেন, আবার কেউ ইতিহাসের জটিলতা ও ভিন্ন ব্যাখ্যার মধ্যেও হত্যাকাণ্ডের অন্যায়কে আলাদা করে দেখার কথা বলেছেন। ফলে রাজনৈতিকভাবে পরিবর্তিত এক সময়ে তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোও দিনটির স্মরণকে ঘিরে ভিন্ন ভিন্ন অভিব্যক্তির জায়গা তৈরি করেছে।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102