বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার হওয়া রাব্বানী ফরাজী (৩৫) একটি মানিলন্ডারিং মামলার আসামি বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডি জানায়, রাব্বানী ফরাজীর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া এলাকায়। তিনি অলিয়ার ফরাজীর ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলার অভিযোগ রয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, রাব্বানী ফরাজী ও তার ছোট ভাই রুবেল ফরাজী একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। চক্রটির নেতৃত্বে রয়েছেন তাদের বড় ভাই আউয়াল ফরাজী। তারা ইউরোপগামী ব্যক্তিদের ইতালি ও অন্যান্য দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যেত।

সিআইডির তথ্যমতে, লিবিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীদের অবৈধভাবে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হতো। এরপর তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায় করত চক্রটি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মানবপাচার ও মুক্তিপণের অর্থ ব্যবহার করে রাব্বানী ফরাজী এবং তার ভাই রুবেল ফরাজী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক লেনদেন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে খুলনা শহরে বহুতল ভবন নির্মাণসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি অর্জনেরও প্রাথমিক তথ্য পেয়েছে সিআইডি। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102