ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা প্রকাশ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
সোমবার (১৫ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী কর্মদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কর্মদিবসেই উন্মুক্ত করা হবে। ফলে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোডের সুযোগ থাকবে। এরপর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে। তবে কেবলমাত্র যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করেছেন, তারাই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
আইভ্যাক আরও জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো ধরনের সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না এবং সেগুলো বাতিল বলে গণ্য হবে।
এদিকে মেডিক্যাল ভিসাধারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আইভ্যাকের ভাষ্য অনুযায়ী, যেসব আবেদনকারী চিকিৎসার উদ্দেশ্যে ভিসা পেয়েছেন, তাদের শুধুমাত্র ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে আগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমোদন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এফআরআরওর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এমন ক্ষেত্রে ভবিষ্যতে ভারতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।