রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের রান্নাঘরসহ সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় দেখে জেলা সিভিল সার্জনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আগামী তিন দিনের মধ্যে রান্নাঘরের অপরিচ্ছন্ন সরঞ্জামাদি পরিষ্কার করে তাকে (মন্ত্রী) অবহিত করার নির্দেশ দেন। অন্যথায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ দশ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনে এসে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এবং অদক্ষ অর্ন্তবর্তী সরকার সময় হামের টিকার কার্যক্রম সঠিকভাবে চালানো হয়নি। সময়মতো টিকা আমদানি করা হয়নি। এমন একটি বিপর্যস্ত সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়ে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করে প্রথম ধাপে সংক্রমিত ১৮ জেলায় হামের টিকা কার্যক্রম শুরু করে। সারা দেশে (৪ মে) টিকা কার্যক্রম চালানো হবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু পর্যাপ্ত টিকা সংগ্রহ করতে না পারার কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে সারা দেশে টিকা কার্যক্রম চালু করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে ৮০ হাজার নারী। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়ের চিকিৎসাসেবা প্রদান করবে। বাড়িতে কোনো প্রসূতির ডেলিভারি হবে না। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো হবে ইউনিক মানের।

মন্ত্রী চিকিৎসকদের সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিতরা অতীতের মতো সেবা দিলে চলবে না। প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতের ওপর জোর দিয়েছেন। তিনি প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা কাজ করছেন। আমাদের কাজ করতে হবে সেবার মানসিকতা নিয়ে।

তিনি বলেন, সামনে ডেঙ্গু প্রকোপ বাড়তে পারে। সে জন্য ডেঙ্গু মোকাবিলায় সারা দেশে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ দশ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এই আইসিইউ কার্যক্রম চালু করতে গিয়ে বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সহযোগিতায় ১০ জেলায় আইসিইউ কেন্দ্র চালু হলো আজ। তিনি বলেন, এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র চালু রাখার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বরতদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অসুবিধা বা প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার বিদেশিদের সহযোগিতায় নারীদের জন্য দুটি ১৫শ বেডের বিশেষায়িত হাসপাতালসহ সারা দেশে ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, নারীদের জন্য নির্মিত হাসপাতাল দুটিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবার সুযোগ-সুবিধা থাকবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা সির্ভিল সার্জন আবুল ফজল মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক জহিরুল ইসলাম জহির।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102