চট্টগ্রামের লোহাগাড়ায় লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি নিয়ে একটি ব্যানারকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
সোমবার (৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানানো হয়। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। তবে তা না করায় গত রোববার রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন আহত হন। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে।
লোহাগাড়া থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।