রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা যখন চরম চাপে রয়েছে, তখন বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষের ওপর। তারা জনগণের স্বার্থে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়েও সমালোচনা করে বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া প্রশাসনিক কার্যক্রম পরিচালনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানান।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102