রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, শিবগঞ্জের তিনজনই বাড়িসংলগ্ন আমবাগানে মারা গেছেন। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়। ওই তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যায় আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া নাচোল উপজেলার লাহাপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাতে সুমিয়ারা বেগমের মৃত্যু হয়। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর ও নাচোল উপজেলায় মৃতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102