শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

ইউক্রেনজুড়ে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চলা এ হামলায় রাজধানী কিয়েভসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দিনিপ্রো শহরে ৭৩ বছর বয়সি এক নারীসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। রাজধানী কিয়েভেও হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটে। হামলার সময় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল এবং প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায় পুরো শহর কেঁপে উঠছিল। ইউক্রেনের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। খারকিভসহ আরও কয়েকটি শহরেও হামলার খবর পাওয়া গেছে। এর আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য বড় ধরনের রুশ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়া বড় আকারের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক হামলার পর জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয়পক্ষই নিয়মিত হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজারেও এর বড় প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার তীব্রতা ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ আরও দীর্ঘ ও ভয়াবহ রূপ নিতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102