শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
রোববার (২৪ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখা, সম্মিলিত নারী সমাজ, জেলা সিএসওসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগেরও দাবি জানান তারা।
নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচির শেষ করা হয়।