রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

লালমনিরহাটে গৃহবধূকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় গৃহবধূর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজন শাহিনা খাতুন জানান, সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা ঘরের ভেতর প্রবেশ করেন। তখন তারা স্বপ্না বেগমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শোবার খাটটিও ভাঙা ছিল। তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

স্বজনদের অভিযোগ, রাতে ওই গৃহবধূকে গণধর্ষণের পর বালিশচাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102