বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং তা না দেওয়াকে ঘিরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (২০ মে) গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৪৫) ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বড় বিনাইরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচগাঁও কাউন্দা চক এলাকায় একটি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন ওসমান গনি। এ সময় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান ও তার সহযোগীরা তার কাছে এক লাখ টাকা দাবি করেন। তবে তিনি সেই টাকা দিতে রাজি হননি।

পরে রাত সাড়ে ১২টার দিকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু বিকল হয়ে গেলে সেটি দেখতে কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান ওসমান গনি। অভিযোগ রয়েছে, আগে থেকেই ওঁৎ পেতে থাকা রমজান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ওসমান গনিসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে নিহতের সমর্থক ও স্থানীয় ক্ষুব্ধ মানুষ সড়কে বিক্ষোভ শুরু করেন। আড়াইহাজার-ভুলতা সড়কের বিনাইরচর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলা হয়। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। ফলে ওই সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রমজানসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102