ভারতের উত্তরপ্রদেশের মথুরায় অবস্থিত ঐতিহাসিক শাহি ঈদগাহ মসজিদ নিয়ে একটি বিতর্কিত রায় দিয়েছেন দেশটির একটি আদালত। দীর্ঘদিনের আইনি লড়াই শেষে আদালত মসজিদ চত্বরটি হিন্দুদের হাতে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন। এই রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শাহি ঈদগাহ মসজিদটি ১৭শ শতাব্দীতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত হয়েছিল। তবে হিন্দু পক্ষ দাবি করে আসছে যে, এই মসজিদটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ ‘কৃষ্ণ জন্মভূমি’ মন্দিরের একটি অংশ ধ্বংস করে তৈরি করা হয়েছিল। বিগত কয়েক বছর ধরে এই মালিকানা নিয়ে আইনি লড়াই তীব্রতর হয়।
আদালতের সাম্প্রতিক এই আদেশে বলা হয়েছে, বির্তকিত ওই জমির মালিকানা হিন্দু ট্রাস্টের কাছে থাকবে। এর আগে জ্ঞানবাপী মসজিদ নিয়ে একই ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছিল। ভারতের ১৯৯১ সালের ‘প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট’ বা উপাসনালয় আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্টের সময় কোনো উপাসনালয় যে অবস্থায় ছিল, তার পরিবর্তন করা নিষিদ্ধ। তবে এই রায়ের ফলে সেই আইনের কার্যকারিতা এবং সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মুসলিম সংগঠনগুলো এই রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। তাদের মতে, প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক তথ্য-প্রমাণ উপেক্ষা করে কেবল ধর্মীয় আবেগের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ হতে পারে।